বাংলাদেশ ক্রিকেটকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে প্রথমবারের মতো শুরু হলো আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রঙিন আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
উদ্বোধনী বক্তব্যে বিসিবি সভাপতি জানান, ‘আমাদের উদ্দেশ্য হলো জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। ক্রিকেটকে আরও বিকেন্দ্রীকরণ করে দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।’
চট্টগ্রাম বিভাগের অধীনে থাকা ১১টি জেলার প্রতিনিধিত্বে অংশ নিচ্ছে ১১টি দল। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে—প্রথমটি সকাল ৯:৩০টায় এবং দ্বিতীয়টি শুরু হবে দুপুর ১:৩০টায়। ৮ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল এবং ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
আরডি