ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশে লরির ধাক্কায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব দিকে সদর দক্ষিণ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময়, নিহতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দূর্ঘটনায় নিহত আবুল হাসান (৪৫) একই উপজেলার লক্ষীপুর লুইপুরা এলাকার কালন মিয়ার ছেলে। তিন সন্তানের জনক এ ওমান প্রবাসী কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার।
তিনি বলেন, ‘দুর্ঘটনা রোধে হোটেল নুরজাহানের সামনের ইউটার্নকে বন্ধ করে সদর দক্ষিণ উপজেলার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু আজ আবার লরিচাপায় একজন নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
উল্লেখ্য, গত ২২শে আগস্ট শুক্রবার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে লরির চাপায় চারজন নিহত হয়েছিল। প্রশাসন এই ইউটার্নটি সরিয়ে সদর দক্ষিণ উপজেলার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশ দিয়েছিল। সপ্তাহ না যেতেই নতুন ইউটার্নে লরি চাপায় একজন নিহতের ঘটনা ঘটে। নিহতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয়। যার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় ।