আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের মাধ্যমে ডাচরা প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসছে। এশিয়া কাপের আগে এই সিরিজকে বাংলাদেশ প্রস্তুতি হিসেবে দেখছে।
সিলেটের পিচ সাধারণত স্পিন সহায়ক এবং লো স্কোরিং, যেখানে রান তাড়া করে জেতার সম্ভাবনা অনেক বেশি। সিলেটে অনুষ্ঠিত ১৩ টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচেই পরে ব্যাট করা দল জয়লাভ করেছে, তাই টসের গুরুত্ব থাকবে।
সম্প্রতি টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর দারুন আত্মবিশ্বাসী টাইগাররা।
লিটন দাসের নেতৃত্বে হোম কন্ডিশনে স্পিনারদের বড় ভূমিকা থাকবে। তবে মাহদী হাসান ও রিশাদ হোসেনের পারফরম্যান্স এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। পেসারদের মধ্যে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ছন্দে আছেন এবং তারা সিলেটের পিচে কাজ করতে পারবেন।
এদিকে, নুরুল হাসান সোহান ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে থাকায় দলে ফিরেছেন। পাশাপাশি, সাইফ হাসানও স্কোয়াডে ফিরেছেন, যা বাংলাদেশ দলের জন্য শক্তিশালী একটি বিকল্প।
টি–টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ৪–১ ব্যবধানে এগিয়ে। সিলেটে হোম কন্ডিশন ও বর্তমান ফর্ম বিবেচনায় বাংলাদেশই ফেভারিট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, তৌহিদ হৃদয়, সাইফ হাসান, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
আরডি