আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে সময়ের সঙ্গে সঙ্গে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ছেই চলছে। ভূমিকম্পে ধসে পড়েছে বহু স্থাপনা। উদ্ধারকর্মীরা ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জনের মরদে উদ্ধার করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছে ১ হাজার ৫০০ জন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও ৩টি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
আনাদোলু সংবাদ সংস্থা আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।
কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে।
ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ৬.০ মাত্রার ভূমিকম্পটি নাঙ্গাহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার (১৭ মাইল) পূর্বে কেন্দ্রস্থল ছিল। এটি মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল) গভীরতায় ঘটেছিল। কিছুক্ষণ পরে, নাঙ্গাহারের বাসাউলের কাছে আরও একটি ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
‘ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কুনার প্রদেশে। কুনার প্রদেশের পুরো গ্রামগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকার কাবুল এবং নিকটবর্তী প্রদেশগুলো থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও মানুষকে উদ্ধারে জরুরি দল মোতায়েন করছে।
২০২৩ সালের অক্টোবরে, পশ্চিম আফগানিস্তানে একটি ভূমিকম্প আঘাত হানে, সেখানকার সরকারের মতে, কমপক্ষে ২ হাজার ৪০০ জন নিহত হয়।
সূত্র: আলজাজিরা
এইচএ