নীলফামারী সদর উপজেলার একটি গ্রামের ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে জেলা বিএনপির আয়োজনে দোলাপাড়া ভবেতরণী দূর্গা মন্ডপের চত্বরে ফুল দিয়ে নতুন জনসমর্থনকে বরণ করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।
জমায়েতে অংশগ্রহণকারীরা কণ্ঠ মিলিয়ে স্লোগান দেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোলাপাড়া ভবেতরণী দূর্গা মন্ডপ সভাপতি গজেন্দ্রনাথ রায়। বক্তব্য রাখেন গ্রামবাসী গজেন্দ্রনাথ রায়, সিমা রানী রায় ও প্রহলাদ রায়।
জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক বলেন, ‘আমরা সবাই একে অপরের ভাই-বোন। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সুখে-দুঃখে একে অপরের পাশে থাকব। আমরা একসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।’
সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, ‘বিএনপি প্রত্যেক ধর্মের মানুষের দল। আসন্ন দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে আমাদের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। কোন গুজবে কান না দেওয়ার আহ্বান জানাই—যদি কেউ মব সৃজনের চেষ্টা করে, দ্রুত প্রশাসনের কাছে জানাবো। নতুন স্বাধীন বাংলাদেশে অপরাধীকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না।’
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু।
এফএস