ভারতকে ঘরের মাটিতে টেস্টে হারানো সবসময়ই কঠিন কাজ। তবে সেই দুর্ভেদ্য দেয়াল ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ২৫ বছর পর আবারও ভারতকে নিজেদের মাঠে সিরিজে হোয়াইটওয়াশ করার বিরল নজির গড়ল প্রোটিয়ারা। বুধবার গুয়াহাটি টেস্টের পঞ্চম দিনে ভারতের বিরুদ্ধে ৪০৮ রানের দাপুটে জয় তুলে সিরিজ ২–০তে শেষ করল বাভুমার দল।
দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ভারতকে সামনে ছুড়ে দেয় ৫৪৯ রানের অতিকায় লক্ষ্য। চতুর্থ দিনের শেষে ভারতের সংগ্রহ ছিল ২৭/২। ম্যাচ জেতা প্রায় অসম্ভব ছিল, কিন্তু অন্তত পুরো দিন উইকেট আঁকড়ে ধরে লড়াই করে ড্র বাঁচানো ছিল সম্ভব।
কিন্তু ভারতীয় ব্যাটাররা সেই সুযোগটুকুও কাজে লাগাতে পারেনি। শেষ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই ধস নামে পান্তদের ইনিংসে।
২৭ রানে দুই উইকেট নিয়ে খেলা শুরু করে ভারত। কিন্তু প্রথম সেশনের মাঝামাঝি সময়েই সিমন হারমার এক ওভারেই কুলদীপ যাদব ও ধ্রুব জুরেলকে সাজঘরে ফেরান। এরপর ঋশভ পান্তও তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে আউট হলে ভারতের প্রতিরোধ গড়ে তোলার সুযোগ প্রায় শেষ হয়ে যায়।
সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজা মিলে কোনো রকমে রক্ষণাত্মক ব্যাটিং করে প্রথম সেশন পর্যন্ত টিকে থাকেন। সেশন শেষে সুদর্শন ছিলেন ১৪ রানে, আর জাদেজা ২৩ রানে অপরাজিত।
তবে পরের সেশনের পঞ্চম বলেই সেই প্রতিরোধ ভেঙে যায়। সেনুরান মুথুসামির বলে এজ হয়ে সুদর্শনের ক্যাচ নেন এইডেন মার্করাম। এরপর ওয়াশিংটন সুন্দরও বেশি দূর যেতে পারেননি—হারমারের বলে তিনি আবার মার্করামের হাতেই ক্যাচ দেন।
এদিন দুর্দান্ত ফিল্ডিং করে মার্করাম এক টেস্ট ম্যাচে সর্বোচ্চ ৯ ক্যাচ নেওয়ার নতুন বিশ্ব রেকর্ড গড়েন। তিনি ভেঙে দেন ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আজিঙ্কা রাহানের করা ৮ ক্যাচের রেকর্ড।
জাদেজা চেষ্টা করছিলেন একপ্রকার একাই লড়াই চালিয়ে যেতে। অর্ধশতক পূর্ণ করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। নিতিশ রেড্ডি হারমারের ষষ্ঠ শিকার হন। এরপর শেষ ধাক্কা দেন কেশব মহারাজ—তিনি টানা দুই বলে ফেরান জাদেজা (৫৪) ও শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজকে। সিরাজকে দুর্দান্ত এক ডাইভিং ক্যাচে নেয় মার্কো জানসেন।
ম্যাচে সিমন হারমার ২৩ ওভার বল করে মাত্র ৩৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন, পুরো টেস্টে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ৯। আর এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা ২৫ বছর পর ভারতের ঘরে আবারও ক্লিন সুইপের কীর্তি গড়ে।
আরডি