চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হঠাৎ করে শিশু রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৯ নভেম্বর থেকে এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে চার শতাধিক শিশু। হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যাসংকট দেখা দেওয়ায় ওয়ার্ডের পাশাপাশি করিডোর ও বারান্দার মেঝেতেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে মোট ৩৯৬ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বর্তমানে ভর্তি রয়েছে ১৪০ শিশু।
ভর্তি হওয়া অধিকাংশ শিশুই জ্বর, সর্দি-কাশি, ঠান্ডাজনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় ভুগছে। শীতের তীব্রতা বাড়ায় এসব রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
হাসপাতালের সহকারী অধ্যাপক শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আসমা বেগম বলেন, “শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত জটিলতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিশুদের উষ্ণ রাখতে হবে, গরম কাপড় পরাতে হবে এবং প্রয়োজন ছাড়া বাইরে না নেওয়াই ভালো। এছাড়া শিশুর ঠান্ডা-জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ বাড়তি রোগীর চাপ সামলাতে অতিরিক্ত শয্যা ও চিকিৎসাসেবী যোগ করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
এসআর