মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে সেই চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে জানি না। তাছাড়া, দিল্লির কাছ থেকে এতো দ্রুত উত্তর আশাও করে না ঢাকা।
কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে-জানতে চাইলে তৌহিদ হোসেন জানান, ‘নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের (ভারতের) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে জানি না। তাছাড়া, দিল্লির কাছ থেকে এতো দ্রুত উত্তর আশাও করে না ঢাকা।’
উপদেষ্টার জবাবের পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক জানতে চান-উত্তর তাড়াতাড়ি আশা করেন না কেন? জবাবে তিনি বলেন, এতো তাড়াতাড়ি উত্তর… আমি তো আগের চিঠিরই উত্তর পাইনি এখনো। কাজেই এটা একেবারে কালকে বা এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে, এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে, এটার উত্তর আমরা পাবো। এক সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা আমি প্রত্যাশা করি না
এর আগে, গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনও চাপ নেই। আর ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ সময় ফ্রান্স থেকে এয়ারবাস না কেনায় ইউরোপের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে তাকে ফেরাতে দিল্লিকে একাধিকবার চিঠি দেয় ঢাকা। কিন্তু সেসব চিঠির কোনো জবাব আসেনি। এবার রায়ের পর তাকে ফেরাতে আবারও চিঠি দেয় ঢাকা।
আরডি