সিরাজগঞ্জের কাজীপুরে আলাদাভাবে জব্দকৃত প্রায় সাড়ে ১৭ টন সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি করেছেন প্রশাসন। একই সাথে তিনশ ৩টি খালি বস্তার নিমালও অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এতে চালের প্রথম নিলামে ৩০ জন, দ্বিতীয় নিলামে ২৪ জন ও খালি বস্তার নিলামে ১৩ জন ব্যবসায়ী অংশ নেন।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে দুই ধাপে প্রায় সাড়ে ১৭ টন সরকারি চাল জব্দ করেন প্রশাসন। সেই জব্দকৃত চাল নিয়মানুযায়ী উন্মুক্ত নিলাম করে কর্তৃপক্ষ। এর আগে নিলাম বিজ্ঞপ্তি দেন তাঁরা।
প্রথম ১১ দশমিক ৪৭ টন চাল প্রতি কেজি ২৪ টাকা ২০ পয়সা দরে সর্বোচ্চ দরদাতা এনামুল হক, দ্বিতীয় ৫ দশমিক ৫৫ টন চালের প্রতি কেজি ২৪ টাকা ১০ পয়সা দরে সর্বোচ্চ দরদাতা নজরুল ইসলাম চালগুলো কিনে নেন। পরে ১৪ টাকা ১৫ পয়সা দরে তিনশ ৩টি খালি বস্তা কিনে নেন সর্বোচ্চ দরদাতা হাসান আলী। এতে ভ্যাট-ট্যাক্সসহ মোট ৫ লাখ ১৬ হাজার ৬৭০ টাকা রাজস্ব আয় হয়। আগামী তিন কর্মদিবসের মধ্যেই নিলামে বিজয়ীরা তাদের মালামাল যথাযথ নিয়মে বুঝে নিবেন।
উন্মুক্ত নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিলাম কমিটির সদস্য সচিব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল আলম, খাদ্য পরিদর্শক ওলিউর রহমান প্রমুখ।
এসআর