সিরাজগঞ্জের কাজীপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম তৌহিদুল ইসলাম সম্রাট (৩১)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ভানুডাঙ্গা গ্রামের শাজাহান আলীর পুত্র এবং হাটশিরা লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , একটি কাজে মঙ্গলবার দিবাগত রাত নয়টায় নিজ বাড়ি থেকে উপজেলার আলমপুর চৌরাস্তায় মোটরসাইকেল চালিয়ে যান শিক্ষক তৌহিদুল ইসলাম সম্রাট। এরপর আলমপুর চৌরাস্তা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে তার উপরে বসেছিলেন। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে পিছন থেকে সজোরে থাক্কা দিয়ে সিরাজগঞ্জের দিকে চলে যায়। এতে সম্রাট রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পরে স্বজনেরা খবর পেয়ে আহত তৌহিদুল ইসলাম সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার বিকেলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ওই সিএনজি চালকের নাম ফারুক শেখ (৪১)। তিনি সদর থানার বনবাড়িয়া দিঘলকান্দি গ্রামের মৃত সানাউল্লাহ শেখের পুত্র। নিহতের পরিবার এখনও মামলা করেননি। চালককে আটকের চেষ্টা চলছে।
ইখা