পটুয়াখালীর কুয়াকাটা মেরিন ড্রাইভ রোডের নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার প্রতি ব্যতিক্রমী উপায়ে প্রতিবাদ জানিয়েছে ‘কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্স’। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে স্থানীয়দের সাথে নিয়ে রাস্তাটির ‘আত্মার মাগফেরাত কামনায়’ প্রতীকী জানাজা ও দোয়া মাহফিল শেষে জিলাপি বিতরণ করেন তারা।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ ভাঙা, পানি জমে থাকা, অনিয়মিত নির্মাণকাজ এবং দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। বহু দাবি-দাওয়া, স্মারকলিপি ও মানববন্ধন হলেও রাস্তার উন্নয়নে দেখা যায়নি উল্লেখযোগ্য অগ্রগতি। তাই এবার ক্ষোভ-আক্ষেপ মিশ্রিত ভিন্নধর্মী প্রতিবাদে তারা রাস্তাটির ‘মৃত আত্মার মাগফেরাত’ কামনা করেছেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, ‘মেরিন ড্রাইভ রোড একসময় পর্যটনের প্রাণ ছিল। কিন্তু অনিয়ম-দুর্নীতি আর অবহেলায় আজ এটি যেন মৃতপ্রায়। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটির টেকসই সংস্কার করে মানুষের ভোগান্তি দূর করুক।’
এ সময় পর্যটকসহ স্থানীয়দের নিরাপত্তা, নির্বিঘ্ন চলাচল ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানানো হয়। তারা জানান, এই প্রতীকী দোয়া মাহফিল মূলত তাদের দীর্ঘদিনের কষ্টের প্রকাশ, যাতে কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে।
এ বিষয়ে জানতে চাইলে উক্ত সড়কের দায়িত্বে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি জসিম মৃধা বলেন, ‘কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ২৭৫০ মিটার রাস্তার নির্মাণের কাজ চলছে। ২৫ মিলি: পুরো দেওয়ার কথা সেভাবেই কাজ চলছে । কাজের সর্বক্ষনিক তদারকিতে এলজিইডি প্রতিনিধি রয়েছে। কাজে কোন প্রকার অনিয়ম হোয়ার সুযোগ নেই।’
এসএম