নেইমার আর ইনজুরি যেন একে অপরের পরিপূরক। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই চোটের কারণে তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। এদিকে আগামী বছর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সম্প্রতি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সরাসরি জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপের দলে থাকতে হলে ফিট থাকতে হবে এবং মাঠে পারফর্ম করতে হবে নেইমারকে। অন্যথায় জায়গা হারাতে হবে।
এমন পরিস্থির মধ্যেই আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্তে জানিয়েছে, সান্তোস তারকার বাঁ হাঁটুর মেনিসকাসে চোট পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, এ বছরের বাকিটায় তার মাঠে ফেরা সম্ভব নয়। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের সামনে এখনও তিনটি ম্যাচ বাকি থাকলেও নেইমারকে সেগুলোতে পাওয়া যাচ্ছে না।
গত ২০ নভেম্বর ব্রাজিলিয়ান সিরি-আ তে মিরাসোলের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান নেইমার। ফলে পরবর্তী ম্যাচে (ইন্টারন্যাসিওনালের বিপক্ষে) একাদশে তাকে রাখা হয়নি।
এরপর গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সাও পাওলোতে মেডিক্যাল পরীক্ষা শেষে তার ইনজুরি নিশ্চিত হয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো জানায়, এ মৌসুমে এটি নেইমারের চতুর্থ চোট।
আল হিলাল ছাড়ার পর চলতি বছরের শুরুতে নেইমার পুরনো ক্লাব সান্তোসে ফেরেন। ফিরেই ২৫ ম্যাচে খেলেছেন, করেছেন ৭ গোল এবং সহায়তা করেছেন ৩ গোলে। তবে ইনজুরির ঝামেলা তাকে নিয়মিতই ভুগিয়েছে। সদ্যই চোট কাটিয়ে তাল ফিরে পাওয়ার লড়াই করছিলেন।
ইন্টারন্যাসিওনালের সঙ্গে ড্রয়ের পর সান্তোসের কোচ হুয়ান পাবলো ভোয়ভোদা জানান, মিরাসোলের ম্যাচের আগেই নেইমারের হাঁটুতে ব্যথা ছিল এবং সপ্তাহজুড়ে তা আরও বেড়েছে।
তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল স্পোর্টের বিপক্ষে তাকে প্রস্তুত রাখা। তবে তার সঙ্গে কথা বলা প্রয়োজন। নেইমার সবসময় খেলতে চায়, কিন্তু এবার সে উপলব্ধি করেছে—এ ম্যাচের শারীরিক চাহিদা সে পূরণ করতে পারবে না। তার সিদ্ধান্ত ও তার শরীরকে আমি সম্মান করি।’
আরডি