কক্সবাজারের টেকনাফে গত ৬ দিন আগে ফিল্মি স্টাইলে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে অপহৃত হওয়া গৃহকর্তা নুরুল ইসলাম অবশেষে নগদ ১২ লাখ টাকার বিনিময়ে ফিরে এসেছেন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে অপহরণ চক্রের কবল থেকে ফিরে আসা নুরুল ইসলামের পুত্র কামরুল ইসলাম স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জায়েদ নুর সময়রের কণ্ঠস্বরকে বলেন, টাকার বিনিময়ে ফেরত আসার বিষয়ে জানা নেই। তবে এটি নিশ্চিত যে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিজেদের রক্ষা করতে অপহৃত ভিকটিমকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে পুলিশের গোয়েন্দা নজরদারি ও অভিযান এখনো অব্যাহত রয়েছে। পুলিশের অভিযানের ভয়ে ডাকাতদল তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মুক্তিপণের বিষয়টি তিনি অস্বীকার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক লেদা এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা সময়রের কণ্ঠস্বরকে জানান, মাদকের লেনদেন–সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে নুরুল ইসলামকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করেছিল। অবশেষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মোটা অংকের টাকা দিয়ে অপহৃত ব্যক্তিকে ফেরত আনতে সক্ষম হন।
তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পারলে পুরো ঘটনার আসল রহস্য উদঘাটিত হবে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর রাত ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় গহিন পাহাড়ে অবস্থান নেওয়া একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ এলোপাথাড়ি গুলি বর্ষণ করে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। এরপর একটি বসতবাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহকর্তা নুরুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়।
সন্ত্রাসীরা যাওয়ার সময় ওই বসতবাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকারও লুট করে নিয়ে যায়।
এনআই