যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় দোকানদার ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামকে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ডিনস কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কোরবান আলী,ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার,ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবটতলা বাজারে এক নারী শিক্ষার্থীকে স্থানীয় এক দোকানদার ইভটিজিং করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। এ সময় স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া–পাল্টাধাওয়া পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে রাত ৯টার পর সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এনআই