কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাহবুব জিয়া (৪০) নামের এক যুবক দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার এবং নিরাপত্তার দাবি জানানো হয়েছে।
মাহবুব জিয়ার বড় ভাই নাছির উদ্দিন বুধবার (২৬ নভেম্বর) বাদী হয়ে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পরে রাতেই জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা (মুনিয়ারিকান্দা) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২৩ নভেম্বর বিকেল ৫টার দিকে মাহবুব জিয়া, রফিক ও সায়িম বাড়ি ফেরার পথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইলিয়াস মিয়া (৪৫), ফরহাদ মিয়া (৩৫), সামাদ (২৫), তানভির (২২), সুরমা আক্তারসহ সংঘবদ্ধ একটি দল চাপাতি, রামদা, লোহার রড, ইট ও লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মাহবুব জিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মাহবুব জিয়ার মৃত্যু হয়। আহতদের একজন এখনও জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
পরিবারের অভিযোগ, হামলার পর সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে এবং পরিবারের নিরাপত্তা প্রদানের দাবি জানাচ্ছে।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনআই