উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে দারুণ এক রাত কেটেছে ভক্তদের জন্য। যেখানে ৮ গোলের থ্রিলারের ম্যাচে টটেনহ্যাম হটস্পারসকে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এছাড়া ঘরের মাঠে ডাচ ক্লাব পিএসভি’র কাছে বিধ্বস্ত হয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। একই রাতে জয় পেয়েছে দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদও।
চ্যাম্পিয়নস লিগের সব খবর থাকছে এই প্রতিবেদনে-
শীর্ষস্থান মজবুত করলো আর্সেনাল
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শীর্ষস্থান নিজেদের দখলেই রাখলো আর্সেনাল। এই ম্যাচ দিয়ে মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বাভারিয়ানরা।
এদিন বল দখলে বায়ার্ন এগিয়ে থাকলেও শেষ হাসি হেসেছে গানাররাই। ২২তম মিনিটে মৌসুমে আরেকটি সেটপিস থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। বুকায়ো সাকার করা কর্নার থেকে উড়ে আসা বল বায়ার্নের জালে পাঠান আর্সেনাল ডিফেন্ডার টিম্বার। জবাব দিতে সময় নেয়নি অতিথিরা। ৩২ মিনিটে কার্লের গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা।
তবে দ্বিতীয়ার্ধে বায়ার্নের রক্ষণভাগকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় আর্সেনাল। তটস্থ করে তোলে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে। ৬৯তম মিনিটে মাদুয়েকের গোলে লিডে যায় আর্সেনাল। গোলকিপার নয়ারের ভুলে ৭৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে তোলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
এ জয়ে ৫ ম্যাচের সবক’টি জিতে টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করলো আর্সেনাল।
ঘরের মাঠে প্রত্যাবর্তনের গল্প লেখল পিএসজি
ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে দাপুটে জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে ৫-৩ গোলের এই জয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দু’দল। তবে প্রথম গোলের দেখা পেয়েছে ইংলিশরাই। ৩৫ মিনিটে প্রথম প্রচেষ্টাতেই টটেনহ্যামকে এগিয়ে নেন রিচার্লিসন। ১০ মিনিট পর দর্শনীয় গোলে সমতা টানেন ভিতিনিয়া। ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে মুয়ানির গোলে টটেনহ্যাম এগিয়ে গেলেও তিন মিনিট পরই পিএসজিকে সমতায় ফেরান ভিতিনিয়া। এরপর অল্প সময়ে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৭২তম মিনিটে কোলো মুয়ানির দ্বিতীয় গোলে লড়াইয়ে অল্প সময়ের জন্য হলেও নতুন নাটকীয়তার সম্ভাবনা জাগে। কিন্তু চার মিনিট পরই সফল স্পটকিকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন ভিতিনিয়া।
রোমাঞ্চকর এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে পিএসজি। ৮ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নেমে গেছে স্পার্সরা।
এমবাপ্পের চার গোলে শেষ হাসি রিয়ালের
কিলিয়ান এমবাপ্পে একাই চারটি গোল করলেও অলিম্পিয়াকোসকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জাভি আলোনসোর দল শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানে জয় তুলে নেয়।
টানা তিন ম্যাচে জয় না পাওয়ার পর নতুন উদ্যমে কারাইসকাকিস স্টেডিয়ামে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমে গোল পায় স্বাগতিক অলিম্পিয়াকোস। তবে ২২ মিনিটে পাল্টা আক্রমণে সমতা ফেরান এমবাপ্পে। এরপর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুইবার প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে এটি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক।
বিরতির পরে ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান মেহদি তারেমি। ইরানি ফরোয়ার্ড মাথা ছুঁইয়ে গোলটি করেন। ৫৯তম মিনিটে নিজের চতুর্থ গোল করে রিয়ালকে আবার এগিয়ে দেন এমবাপ্পে। শেষ সময়ে অলিম্পিয়াকোস আক্রমণ বাড়ালেও সমতায় ফেরার সুযোগ আর পায়নি। কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।
অ্যানফিল্ডে আবারও ধরাশায়ী লিভারপুল
দুঃসময় যেন পিছু ছাড়ছে না লিভারপুলের। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিজেদের মাঠ অ্যানফিল্ডে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ গোলে হেরেছে আর্নে স্লটের দল। সব মিলিয়ে শেষ ১২ ম্যাচের ৯টিতেই হেরেছে লিভারপুল। ১৯৫৩-৫৪ মৌসুমের পর এই প্রথম এমন খারাপ সময় কাটাচ্ছে ইংলিশ ক্লাবটা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলে হারের পর এবার ডাচ ক্লাব পিএসভির বিপক্ষেও হারলো ‘অল রেডরা’।
ম্যাচের শুরুতেই ইভান পেরিসিচের স্পট কিকে এগিয়ে যায় পিএসভি। তবে ১৬ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান সোবোসলাই।
দ্বিতীয়ার্ধে নেমেও জুত করতে পারেনি লিভারপুল। ৫৬তম মিনিটে গাস তিলের গোলে আবার লিড নেয় সফরকারীরা। আর ৭৩তম মিনিটে এবং যোগ করা সময়ে দুই গোল করেন সোহেইব দ্রিয়েশ। ফলে নিজেদের মাঠেই পিএসভির বিপক্ষে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
আরডি