মুন্সিগঞ্জ শহরে নিজের মোটর বাইক গ্যারেজের ভেতর আটকে পড়া গ্যারেজ মালিককে অসুস্থ্য অবস্থায় ১২ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার করা ওই গ্যারেজ মালিকের নাম মো. রিফাত (২০)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহরের ইদ্রাকপুর এলাকার ওই বাইক গ্যারেজের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করে।
এর আগে বুধবার দিনগত রাতে মালিককে ভেতরে রেখে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে চলে যান কর্মচারীরা। গ্যারেজ মালিক রিফাত ইদ্রাকপুর এলাকার মো. আলমগীরের ছেলে। অসুস্থ্য অবস্থায় গ্যারেজ মালিককে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বুধবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে মালিক রিফাত গ্যারেজের ভেতর ঘুমিয়ে পড়েন। এসময় কর্মচারীরা বাইরে থেকে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে
চলে যান। আজ বৃহস্পতিবার সকালে কর্মচারীরা না আসলে মালিক রিফাতের খোঁজে পরিবারের লোকজন গ্যারেজে ডাকাডাকি শুরু করে। তার কোনো সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সকাল সাড়ে ১০ টার দিকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট সেখানে পৌছে তালা ভেঙ্গে গ্যারেজ মালিককে উদ্ধার করেন। রাতে ঘুমানোর পর গ্যারেজ মালিক অসুস্থ্য হয়ে পড়েছিল। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এসআর