মোংলায় নৌপুলিশের হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নৌ পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় দিগরাজ এলাকার পশুর নদীতে এ ঘটনা ঘটে।
মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে তাদের অ্যাডিশনাল ডিআইজির আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যায় নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলা উপজেলার দিগরাজ বাজুয়া ঘাটে যায়। পরে ওই ঘাটে নোঙর করে জ্বালানি তেল নিয়ে পুনরায় নৌ পুলিশ সদস্যারা মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় বোটটি চালু করতে গেলে ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়ে হঠাৎ বোটটিতে আগুন লাগে এবং জ্বালানি পেট্টোল থাকায় মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
এ অবস্থায় তাড়াহুড়া করে নামতে গিয়ে একজন সাতার কেটে কিনারে উঠতে পারলেও চালক কাজী মাহবুব (২৮) নামের এক নৌ পুলিশ সদস্য আগুনে পুড়ে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিতৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে নৌপুলিশের ওসি এ এইচ এম লুৎফার কবির গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে জ্বালানি তেল থাকায় মুহুর্তের মধ্যে বোটটি পুড়ে যায়।
এসআর