ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় মেসার্স তাসনিম ফিলিং স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে আগত একটি সিএনজির সঙ্গে গৌরীপুর থেকে ময়মনসিংহগামী আরেকটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।
দুর্ঘটনায় উভয় সিএনজির যাত্রীসহ অন্তত চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে আতঙ্ক সৃষ্টি হলেও যান চলাচল স্বাভাবিক ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটি সিএনজি রাস্তার পাশ থেকে সরিয়ে নেয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইখা