নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সনদ জালিয়াতি করার প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। গত কয়েকমাসে পরপর তিনটি দেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে ভেরিফিকেশন চাইলে বিষয়টি নজরে আসে। ভেরিফিকেশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে এসব সনদকে সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র হতে জানা যায়, বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি গ্রহণ এবং যুক্তরাষ্ট্রসহ বিদেশের একটি দেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের আবেদনের সময় এসব সনদ ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিদেশি কর্তৃপক্ষের যাচাই প্রক্রিয়ায় সনদগুলোর সত্যতা নিয়ে সন্দেহ দেখা দিলে বিষয়টি নোবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নজরে আসে।
পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের রেকর্ডকৃত ডাটাবেজ যাচাই করে দেখা যায়, উল্লিখিত তিনটি সনদ বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা হয়নি। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এ পর্যন্ত ৩টি জালিয়াতি শনাক্ত করতে সক্ষম হয়েছে। শনাক্ত হওয়ার সাথে সাথেই পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোকে সনদ গুলো নকল বলে জানিয়ে দিয়েছে।
সনদ জালিয়াতির ঘটনায় সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে মুখ খুলতে নারাজ নোবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ডেপুটি কন্ট্রোলার মো. শফিকুল ইসলাম।
পিএম