বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ‘মিলান ২০২৬ নাভাল এক্সারসাইজ’ নামের এই মহড়া।
রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস এ তথ্য জানিয়েছে। মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের অত্যাধুনিক ফ্রিগেট ‘মার্শাল শাপোশনিকভ’সহ একাধিক যুদ্ধজাহাজ অংশ নেবে।
বিশাল আকারের এই রণতরীটি একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী গাইডেড মিসাইল নিক্ষেপে সক্ষম। প্রশান্ত মহাসাগর অঞ্চলে নিয়মিত সামরিক টহলে ব্যবহৃত হয়ে আসছে শাপোশনিকভ।
রাশিয়ান মেরিটাইম বোর্ড জানায়, মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজটি ইতোমধ্যে বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে এবং বুধবার ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে। বঙ্গোপসাগরে মহড়া শেষে এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তম বন্দরের উদ্দেশে রওনা দেবে। আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেখানে ভিড়বে জাহাজটি।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে এই যৌথ নৌ মহড়ার ঘোষণা তিন মাস আগেই দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। ২০২৫ সালের অক্টোবরে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছিলেন ভারতের নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন।
ইখা