মোংলায় রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল শেখ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মোংলা ইপিজেড সংলগ্ন এলাকায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
খবর পাওয়ার সাথে সাথে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুল শেখকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল শেখ (৫৫) উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা এলাকার আশরাফ আলী শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, "ঘটনাটি যেহেতু রেলওয়ের সীমানায়, তাই রেলওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।"
এনআই