চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সাহেরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রফেসর হাসানের বাড়ির মফিজুর রহমানের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হঠাৎ চুলার আগুন লাকড়ির মাধ্যমে ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতেও ছড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন চৌধুরী যাদু মিয়া বলেন, "শুক্রবার সকালে রান্নাঘরের চুলার আগুন থেকে মফিজুর রহমান, মোকছেদ আহমদ, তছলিম উদ্দিন ও প্রতিবন্ধী ছালামত উল্লাহর বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই সব শেষ হয়ে যায়। স্বর্ণালঙ্কার, ধান-চাল ও আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।"
মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. লিটল আলী জানান, খবর পেয়ে তারা ওই এলাকায় পৌঁছে দেখেন ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে অন্যান্য ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।
এনআই