আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান অত্র জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।
ব্রিফিংয়ে তিনি বলেন, "জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিজিবি কর্তৃক গৃহীত নিরাপত্তা প্রস্তুতি, দায়িত্ব পালনের পরিকল্পনা এবং সমন্বিত কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই আয়োজন। নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বিত প্রচেষ্টায় সাজেক ও বঙ্গলতলী ইউনিয়ন এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"
অধিনায়ক আরও জানান, সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ের তিনটি ভোটকেন্দ্র (বেতলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুইচুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) বাঘাইহাট ব্যাটালিয়ন স্বতন্ত্রভাবে নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের আরও ৯টি কেন্দ্রে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ বেইজ ক্যাম্পে গমন করবেন এবং ৫টি প্লাটুন মোতায়েন করা হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকল্পে ইতিমধ্যে বিজিবি সদস্যরা দুই ধাপে প্রশিক্ষণ ও মহড়া সম্পন্ন করেছেন।
নির্বাচনকালীন সময়ে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়নের ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে। কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত করা হবে যেন কোনো সশস্ত্র গোষ্ঠী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে না পারে।
এনআই