শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা এবং দেশব্যাপী হামলা, নৈরাজ্য ও নারী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশব্যাপী জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর হামলা ও নির্বাচনী প্রচারণায় নারী হেনস্তার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে শাখা সভাপতি ইউসুফ আলী বলেন, "আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি এ দেশে ইনসাফ কায়েমের জন্য, কিন্তু বর্তমানে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। একটি বিশেষ দল ভাবছে তারা ক্ষমতায় চলেই এসেছে; এই অহমিকা থেকে তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তারা আমাদের ভাইকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।"
তিনি আরও বলেন, "নির্বাচন সামনে রেখে তাদের অপকর্ম বৃদ্ধি পেয়েছে। জনবিচ্ছিন্ন হয়ে তারা এখন আমাদের মা-বোনদের গায়ে হাত তোলা শুরু করেছে। যারা এই ধৃষ্টতা দেখিয়েছে, তাদের হুঁশিয়ার করে দিতে চাই—কোনো অন্যায় বা চাঁদাবাজি ছাত্রশিবির সহ্য করবে না। মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সর্বদা আপসহীন।"
বিজিবি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, "আসুন সব ভেদাভেদ ভুলে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করি। তবে কোনো অপশক্তি যদি ছাত্রসমাজকে ভয় দেখাতে আসে, তবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।"
এনআই