রাজশাহীর পুঠিয়ায় গরু বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম নাটোরের নলডাঙ্গা থানার কৃষ্ণপুর দীঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ফার্নিচার ব্যবসায়ী সুমন জানান, অটোরিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশের ফার্নিচারের দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানেরও কিছুটা ক্ষতি হয়। অটোরিকশা চালককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, "পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক নসিমনটি জব্দ করেছে। তবে গরুসহ গাড়িতে থাকা যাত্রীদের মানবিক কারণে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।"
এনআই