কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ আজ ধ্বংসের মুখে। দেশকে ঠিক করতে হলে নতুন নেতৃত্ব প্রয়োজন। সেই নেতৃত্বের নাম তারেক রহমান। তিনি বলেছেন—“আই হ্যাভ অ্যা প্ল্যান।” দেশ গঠনের জন্য তাঁর একটি সুস্পষ্ট পরিকল্পনা আছে। তারেক রহমানের একজন সহযোদ্ধা হিসেবে আমিও বলছি—“আই হ্যাভ অ্যা প্ল্যান ফর ইটনা–অষ্টগ্রাম–মিঠামইন।” এই অঞ্চলকে সোনার বাংলার একটি অংশ হিসেবে গড়ে তুলতে চাই।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
সভায় ফজলুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী একটি বিভ্রান্তিকর দল। ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করাই দলটির বড় সমস্যা। তারা ক্ষমতায় গেলে দেশে ইসলাম ও গণতন্ত্র—দুটিই ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাকে ভোট দেওয়ার সুযোগ হয়তো আর বেশি দিন পাবেন না। এই ভোটটি দয়া করে আমাকে দিন। কেন দেবেন? কারণ আমি দেশকে ভালো করতে চাই। আমাদের মতো রাজনৈতিক কর্মী ও মুক্তিযোদ্ধা ছাড়া কেউ এই দেশ সঠিক পথে নিতে পারবে না। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।’ একই সঙ্গে তিনি ভোটকেন্দ্রে সতর্ক থাকার আহ্বান জানান।
ফজলুর রহমান বলেন, ‘আমি পার্লামেন্টে গেলে সেখানে সব সময় একটি বাতি জ্বলবে। সেই বাতি হবে সত্য বলার বাতি। যে সত্য কথা বাংলাদেশে অনেকেই সাহস করে বলেন না, সেই কথাই আমি বলব। ইটনা–অষ্টগ্রাম–মিঠামইনের মানুষ আমাকে নিয়ে গর্বিত হবে।’
তিনি আরও বলেন, ‘আজ বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘনঘটা। অন্ধকারে ডুবে যাচ্ছে দেশ। সেখান থেকে মুক্তির সূর্য উদিত করতে হলে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।’
ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূঞার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আফতাব উদ্দিন ভূঞা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়াসহ অন্যরা।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ইটনা থেকে ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে তাকে বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে গত শুক্রবার তিনি নিজ এলাকায় ফিরে আসেন।
ইখা