নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণমিছিল ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ।
গণমিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতীয় পর্যায়ের সিদ্ধান্তে নারায়ণগঞ্জ–৩ আসনের প্রার্থী ‘ছিনতাই’ করা হয়েছে। তাঁদের ভাষ্য, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকার মানুষের মতামত ও প্রত্যাশাকে উপেক্ষা করে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়াকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, প্রার্থী নিয়ে নানা চক্রান্ত থাকলেও ব্যালট পেপারে তাঁদের পছন্দের প্রতীক দাঁড়িপাল্লা রয়েছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা।
তাঁদের দাবি, দাঁড়িপাল্লা এখন আর শুধু একটি দলের প্রতীক নয়, এটি জনতার প্রতীকে পরিণত হয়েছে। আগামী নির্বাচনে জনগণের রায়েই তার প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
ইখা