আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না—এ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তাঁর অভিযোগ, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টাওয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন শিবির সভাপতি। এর আগে তিনি কুমিল্লায় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান।
সাদ্দাম হোসেন বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে পক্ষপাতের অভিযোগ উঠছে। তাঁর দাবি, একচেটিয়া ব্যবস্থাপনার মাধ্যমে একটি পক্ষকে সুবিধা দেওয়ার মতো পরিবেশ তৈরি করা হয়েছে, যা আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।
তিনি আরও বলেন, ‘বিএনপি যেভাবে চাইছে, নির্বাচন সংক্রান্ত অনেক বিষয় সেভাবেই পরিচালিত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে জুলাই–পরবর্তী সময়ে দেশের মানুষ যে গণতান্ত্রিক প্রত্যাশা দেখেছিল, তা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।’
চৌদ্দগ্রামে সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়ে শিবির সভাপতি বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অন্যথায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার দায় সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, শনিবার দুপুরে কুমিল্লায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দায়ী করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ইখা