মুন্সিগঞ্জের শ্রীনগরে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে ইজি বাইক চালককে অচেতন করে গাড়ি চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সারাফুজ্জামান আনছারী এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামি হাকিম মাতাব্বরকে (৪০) দণ্ডবিধির ৩৭৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর আসামি কামাল ফকিরকে (৪৬) দণ্ডবিধির ৩২৮ ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি হাকিম মাতাব্বর আদালতে উপস্থিত ছিলেন; রায় শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। অপর আসামি কামাল ফকির পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
সাজাপ্রাপ্ত হাকিম মাতাব্বর বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামের মৃত সুলতান মাতাব্বরের ছেলে এবং কামাল ফকির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সিংহেরাকাঠি গ্রামের কাঞ্চন ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আরিফ।
মামলা সূত্রে জানা যায়: ২০২১ সালের ৩১ মে শ্রীনগর উপজেলার ছোট নিমতলী এলাকার বাসিন্দা মাহাবুব মাতবর প্রতিদিনের মতো সকালে ইজি বাইক নিয়ে বের হন। দুপুর আনুমানিক আড়াইটার দিকে তিনি নিমতলী স্ট্যান্ডে অপেক্ষাকালে আসামিরা যাত্রীবেশে বড় নিমতলা যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করেন। পথিমধ্যে তারা মাহাবুবকে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে ইজি বাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মাহাবুবের বাবা মোসলেম মাতবর বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, “ইজি বাইক চালককে অচেতন করে যানবাহন চুরির মতো গুরুতর অপরাধে আদালতের এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।”
এনআই