পার্বত্য বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মো. বেলাল (২৭) নামে এক যুবককে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
রবিবার (১ ফেব্রুয়ারি) লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বালুভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত বেলাল উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মাবুদের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওলারঝিরি নতুন পাড়া এলাকায় মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। অভিযানে বালুসহ একটি ট্রাক জব্দ করা হয় এবং এর চালক বেলাল উদ্দিনকে আটক করে আইন মোতাবেক ৬ দিনের জেল দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, “অবৈধ বালু উত্তোলনের অপরাধে একজনকে জেল দেওয়া হয়েছে। বিধি মোতাবেক জব্দকৃত বালু ও ট্রাক নিলামে বিক্রি করা হবে। লামায় অবৈধ ইটভাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে ফাসিয়াখালীর সচেতন মহল অভিযোগ করে বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে অনেক কৃষকের জমি ভেঙে নদী ও ছড়ায় বিলীন হয়ে যাচ্ছে। অনেকের ঘরবাড়ির ক্ষতি হচ্ছে। এ ছাড়া দিন-রাত ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে শত শত বালুর ট্রাক চলাচলের কারণে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ জনগণের চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এনআই