কুষ্টিয়ার দৌলতপুরে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবাদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আজিজুল (৩০)। তিনি দৌলতপুর উপজেলার ইসলামপুর এলাকার তায়েজ উদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, আজিজুল দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বিজিবি সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে আজিজুলের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, নির্বাচনী সহিংসতা প্রতিরোধে বিজিবি অস্থায়ী ক্যাম্প স্থাপনসহ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় অবৈধ অস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জনস্বার্থে ও নিরাপত্তার খাতিরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনআই