ময়মনসিংহের নান্দাইলে আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও মৌজার ছেতরাবিল এলাকায় জলাবদ্ধতা নিরসনে সরকারি খাস জমিতে খাল খননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ছেতরাবিল সংলগ্ন এলাকায় বারুইগ্রাম, ডাংরী, ঘোষপালা ও ধরগাঁও গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্বেচ্ছাশ্রমে খাল খননের জন্য প্রশাসনের অনুমতি ও সহযোগিতা দাবি করা হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ছেতরাবিল এলাকায় পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে চারটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরকারি খাস জমি ও রেকর্ডীয় খাল থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় কৃষকেরা ফসল ঘরে তুলতে পারছেন না।
বক্তারা অভিযোগ করেন, জলাবদ্ধতা নিরসনে নিজেরা স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ নিলে খাসজমি দখলে থাকা একটি পক্ষ এতে বাধা দিচ্ছে। এ অবস্থায় জনকল্যাণমূলক এই কাজে যেন কেউ বাধা দিতে না পারে, সে জন্য প্রশাসনের আইনি সহযোগিতা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, যুগ যুগ ধরে ভরাট হয়ে যাওয়া সরকারি খালটি দ্রুত খনন করা হলে এলাকার শত শত একর জমি চাষাবাদের আওতায় আসবে। একই সঙ্গে অকাল বন্যার ঝুঁকি কমবে এবং কৃষকদের ফসল ও বসতভিটা রক্ষা পাবে। সম্প্রতি কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে একটি নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। ওই সড়কের দুপাশের ফসলি জমিতে যাতে জলাবদ্ধতা না হয়, সে জন্যও খাল খনন জরুরি।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা পল্লী ডাক্তার লিটন সরকার, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল গণি, মানবাধিকার সংগঠক মো. নাঈমুল গণি ভূঁইয়া (পলাশ), নূরে আলম সিদ্দিকী, সমাজসেবক মো. তারা মিয়া ও আফতাব উদ্দিন। এ সময় চার গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও কয়েক শ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
ইখা