মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবার-পরিজনের মাঝে মোট ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২৭ জন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। গত ছয় মাসে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে এই সহায়তার অর্থ অনুমোদন দেওয়া হয়।
এর মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা এবং নিহত ২৩ জনের পরিবারকে জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ১৫ লাখ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে ২৭টি চেকের বিপরীতে মোট ১ কোটি ১৯ লাখ টাকা বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএর যুগ্ম সচিব রুহাইয়াৎ-ই-আশিক, জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ
কবির, বিআরটিএ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের স্বজনরা।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, দেশে সড়ক দুর্ঘটনা কমাতে হলে সবাইকে আরও সচেতন হতে হবে। অনেক সময় আমরা সড়ক আইন মানি না, ফুটওভার ব্রিজ ব্যবহার করি না এবং অদক্ষ চালকদের হাতে যানবাহন তুলে দিই, যা দুর্ঘটনার অন্যতম কারণ।” তিনি চালক, যানবাহনের মালিক ও পথচারীদের সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান এবং দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, এই আর্থিক সহায়তা হয়তো সাময়িকভাবে কিছুটা কষ্ট লাঘব করবে, তবে প্রিয়জন হারানোর অপূরণীয় ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয়। তিনি সড়কে চলাচলের সময় সতর্কতা অবলম্বন, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর জোর দেন।
এসআর