পটুয়াখালীর বাউফল উপজেলার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মদনপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার রাতে তাঁর মরদেহ বাউফলে আনা হয়।
দাফনকালে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদারের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইখা