যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে (লাইলাতুল) বরাত পালিত হবে। বিশেষ এই রাতটি চলবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।
শবে বরাত উপলক্ষে আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির এবং দোয়া-মোনাজাতে মশগুল থাকবেন। বিশেষ এ রাতে তারা পাপমুক্তি ও আল্লাহর রহমতের আশায় পুণ্যলাভের চেষ্টা করবেন। বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও মুসলিম উম্মাহ এই পবিত্র রজনীটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করবেন।
প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। ‘শবে বরাত’ কথাটি এসেছে ফারসির, যেখানে ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। তাই শবে বরাতকে বলা হয় ‘মুক্তির যামিনী’। আরবি ভাষায় এর প্রাচীন নাম হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিসে এটিকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী হিসেবে উল্লেখ করা হয়েছে।
শবে বরাত মুসলিম উম্মাহর জন্য আত্ম-সমীক্ষা, তওবা এবং আল্লাহর রহমতের আশায় আত্মিক পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত।
এইচএ