বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নারীদের অবমাননা করে এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় বিশ্বাস করে না, তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, যা সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, যারা এমন বক্তব্য দিচ্ছে, তারা নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে চায়, কর্মস্থলে যেতে দিতে চায় না। এমনকি নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথাও বলছে, যাতে তাদের কর্মসংস্থান সীমিত হয়। অথচ এ দেশ সাম্য, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য মুক্তিযুদ্ধ ও ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এগিয়েছে। একটি দল আজ সেই চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচনের জন্য অনেক নারীকে মনোনয়ন দিয়েছে। অথচ ওই দল কোনো নারী প্রার্থী দেয়নি। তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে, তারা নারী সমাজকে পিছিয়ে রাখতে চায়। এগুলো মধ্যযুগীয় চিন্তাভাবনা।
তিনি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো দেশ কখনো এগোতে পারে না। তাই তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, যার ফলে আজ নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। বিএনপি নারী সমাজকে ক্ষমতায়ন, মর্যাদা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করবে।
অনুষ্ঠানে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্যসচিব আবুল কাশেম নুরীসহ ছাত্রদলের নেতারা বক্তব্য দেন। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সালাহউদ্দিন আহমদ।
ইখা