মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর এক শিক্ষার্থীর মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম নাইম (২২)। তিনি এমআইএসটির মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের প্রায় ৫০০ ফুট উত্তরে নদীর তলদেশ থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে একটি ট্রলারে করে পদ্মা নদীতে ভ্রমণে যান নাইম। একপর্যায়ে সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নামলে তিনি নিখোঁজ হন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী একটি ট্রলারে করে নদীতে ঘুরতে গিয়েছিলেন। গোসলের সময় নাইম নিখোঁজ হলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিনের অভিযানের পর সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহত নাইম নাটোর জেলার বাসিন্দা। উদ্ধার করা মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য এমআইএসটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইখা