জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘ফ্রম ডেটা টু ডিসিশন: দ্য ফিউচার অব মার্কেটিং ইন দ্য এজ অব এআই এন্ড ডেটা সাপ্লাই চেইন’ শীর্ষক এক জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নবযুগ মিলনায়তনে মার্কেটিং বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে মার্কেটিং খাতের পরিবর্তন এবং ডেটা বা উপাত্ত নির্ভর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন। এছাড়াও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ পিএলসি-এর ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের লিড (ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিং) ফয়সাল আলম এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানার কাজী সামি আল-জাবির।
প্রধান আলোচকের বক্তব্যে ফয়সাল আলম বলেন, ‘বর্তমান বিশ্বে কেবল পণ্য উৎপাদন ও বিপণনই শেষ কথা নয়। ভোক্তার আচরণ বুঝতে এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে ডেটা বিশ্লেষণের কোনো বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে। শিক্ষার্থীদের এখন থেকেই এই প্রযুক্তিবান্ধব মানসিকতা গড়ে তুলতে হবে।’
অপর আলোচক কাজী সামি আল-জাবির সাপ্লাই চেইন ও মার্কেটিংয়ের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন এবং বিভিন্ন এআই টুল সম্পর্কে বুনিয়াদি জ্ঞান প্রদান করেন। তিনি বলেন, ‘ভবিষ্যৎ করপোরেট জগতে টিকে থাকতে হলে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি।’
সেমিনারে মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি ছাড়াও বিভিন্ন বিভাগের ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মোমেন জানান, শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীরা আলোচকদের কাছ থেকে ক্যারিয়ার ও আধুনিক মার্কেটিং বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেন।
পিএম