চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রিকশা গ্যারেজ থেকে সজিব (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বাড়বকুণ্ড উত্তর মাহামুদাবাদ বাজারতলী এলাকার একটি গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সজিব স্থানীয় বাবুল মিয়ার রিকশা গ্যারেজে কাজ করতেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। দুপুরে গ্যারেজ খোলা নিয়ে মালিক বাবুলের সঙ্গে কর্মচারী সজিবের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এরপর বিকেলেই গ্যারেজের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, "উদ্ধার করা মরদেহটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীর রক্তাক্ত ছিল। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"
এনআই