মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
প্রথমে দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রীর পক্ষে বিরামপুর উপজেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় গভীর নীরবতা আর শ্রদ্ধার আবহে শহীদ মিনার প্রাঙ্গণ ফুলে ফুলে ভরে ওঠে।
এরপর একে একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে উপস্থিত হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ সময় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এনআই