এইমাত্র
  • ধানের শীষে ভোট চাইলেন সাংবাদিক হত্যার প্রধান আসামি আ.লীগ নেতা বাবু চেয়ারম্যান
  • অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, যুবক আটক
  • আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, শক্তি জানান দিতে প্রস্তুত জামায়াত
  • বেনাপোলের পল্লীতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, তিন শ্রমিক আহত
  • যশোরে আলমসাধু উল্টে দুই ভাই হতাহত
  • পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
  • মা-বোনদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: জামায়াত আমির
  • ত্রিশালে উন্নয়ন হবে দল–মত নির্বিশেষে, সবার জন্য দরজা খোলা: ডা. লিটন
  • থাইল্যান্ডে রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জিহাদ
  • ‘আগামী ভালুকা’র রূপরেখা দিলেন ডা. জাহিদুল ইসলাম
  • আজ বুধবার, ২১ মাঘ, ১৪৩২ | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত নেত্রকোনা-৩ আসনের নির্বাচনী মাঠ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

    পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত নেত্রকোনা-৩ আসনের নির্বাচনী মাঠ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

    প্রতীক বরাদ্দের পর থেকেই পাল্টাপাল্টি অভিযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের নির্বাচনী পরিবেশ। জেলার পাঁচটি আসনের মধ্যে এই আসনটিকেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। আটপাড়া ও কেন্দুয়া উপজেলার ২০টি ইউনিয়নে গ্রাম থেকে গ্রামান্তরে চলছে প্রচার-প্রচারণা। তবে শুরু থেকেই বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও সংঘর্ষের ঘটনায় নির্বাচনী সমীকরণ ভিন্ন দিকে মোড় নিচ্ছে।

    বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. দেলায়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    নির্বাচনের শুরু থেকেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও নির্বাচনী কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তুলছে। এক প্রার্থীর পূর্বনির্ধারিত সভা-মিছিলে অপর পক্ষের লোকজন ঢুকে পড়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা।

    বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী বলেন, গত সতেরো বছর মানুষ তাদের ভোট দিতে পারেনি। এখন মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। ইতিমধ্যে আটপাড়া–কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের ভোটে এ আসনে ধানের শীষই বিজয়ী হবে।

    অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মো. দেলায়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, জনগণের কথা চিন্তা করেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জনগণের রায় তাঁর পক্ষেই যাবে বলে তিনি আশাবাদী।

    এদিকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে নীরবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মো. খায়রুল কবীর নিয়োগী। তিনিও বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো. আবুল হোসেন তালুকদার (লাঙ্গল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শামছুদ্দোহা (চেয়ার) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসাইন সুলতান (হাতপাখা) নির্বাচনী মাঠে রয়েছেন।

    পুলিশ প্রশাসন জানিয়েছে, জেলার পাঁচটি আসনের মধ্যে নেত্রকোনা-৩ আসনে আলাদাভাবে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

    অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া উইং) হাফিজুল ইসলাম বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

    এই আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৬৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৮৮৪ জন, নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৭৯৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। নতুন ভোটার রয়েছেন ২৭ হাজার ৪১০ জন। পোস্টাল ভোট রয়েছে ৪ হাজার ২০৯টি।

    নেত্রকোনা-৩ আসনে রয়েছে দুটি উপজেলা, একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন। মোট ভোটকেন্দ্র ১৪৯টি এবং ভোটকক্ষ ৭৯৪টি (স্থায়ী ৭৩৪টি ও অস্থায়ী ৬০টি)।

    ১৯৭৩ সাল থেকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিরা এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ইফতেখার উদ্দিন তালুকদার। প্রতিযোগিতাপূর্ণ এই আসনে শেষ পর্যন্ত কার হাতে বিজয়ের মুকুট উঠবে, তা জানতে অপেক্ষা ভোটের দিনের।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…