কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, ১২ তারিখের নির্বাচনে পঁচা শামুকে পা কাটলে, কিয়ামত পর্যন্ত পস্তাতে হবে। কুমিল্লার উন্নয়ন করতে হলে আমাকে একবার সুযোগ দিন। বুধবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩ নং দুর্গাপুর ইউনিয়নে যুবদল নেতা হাজী আনোয়ারুল হকের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা শহর আজ নানা সমস্যায় জর্জরিত। নাগরিক দুর্ভোগ দিন দিন বাড়ছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, পদুয়ার বাজার বিশ্বরোডে ওভারপাসসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তরের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে ধানের শীষের পক্ষে টানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মনিরুল হক চৌধুরী। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, মতবিনিময় ও উঠান বৈঠকের মাধ্যমে নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি। বুধবার সারাদিনের ধারাবাহিক গণসংযোগ শেষে সন্ধ্যায় দুর্গাপুর ইউনিয়নের এই জনসমাবেশে অংশ নেন তিনি। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মামুন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হেনা আলাউদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির সহ সভাপতি কবির হোসেন, মোস্তফা সারওয়ার ও আবুল হোসেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরে আলম, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম শামু, কুমিল্লা শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম অন্তর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মমিনুল ইসলাম ভূঁইয়া, ৩ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, আদর্শ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মদ এবং ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা অলি উল্লাহ জাহিদ।
জনসভায় সভাপতিত্ব করেন ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩ নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাকসুদ হোসেন। জনসভা শেষে নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এফএস