হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাংকারকে ধাওয়া করেছে ইরান। তবে শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় ট্যাংকারটি আটকের হাত থেকে পালিয়ে নিরাপদ স্থানে চেলে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) ইউরো নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হরমুজ প্রণালিতে প্রবেশের সময় ইরানি নৌবাহিনীর ছয়টি সশস্ত্র স্পিডবোট স্টেনা ইম্পেরেটিভ নামে মার্কিন ওই ট্যাংকারটির গতিরোধ করার চেষ্টা করে।
সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ভ্যানগার্ড টেক তাদের গ্রাহকদের পাঠানো বার্তায় জানায়, ৫০ ক্যালিবার মেশিনগান সজ্জিত ইরানের অন্তত ছয়টি স্পিডবোট মার্কিন জাহাজটিকে ঘিরে ফেলে। এ সময় ইরানি সেনারা ট্যাংকারটির নাবিকদের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন ও জাহাজে ওঠার প্রস্তুতি নেন। তবে ট্যাংকারটির ক্যাপ্টেন নির্দেশ অমান্য করে দ্রুত গতি বাড়িয়ে দেন।
উদ্ভূত এই পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও ট্যাংকারটিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, তারা ওমানের উপকূল থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তরে ইরানের নৌবাহিনীর দ্বারা একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে। ধারণা করা হচ্ছে, মার্কিন পতাকাবাহী ওই ট্যাংকারটিই সেখানে বাধার মুখে পড়েছিল।
এদিকে, আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ড্রোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের খুব কাছে চলে আসায় আত্মরক্ষার্থে সেটিকে গুলি করে নামানো হয়।
সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, মঙ্গলবার একটি মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান থেকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ড্রোনটির উদ্দেশ্য স্পষ্ট ছিল না এবং মার্কিন বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেই সেটি যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসছিল।
এমআর-২