মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরেই শহীদ মিনার চত্বরে নামে জনতার ঢল। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
প্রথম প্রহরে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা শ্রদ্ধা নিবেদন করেন। পরে কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক এস কে রাসেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
গভীর নীরবতা ও শ্রদ্ধার আবহে শহীদ মিনার প্রাঙ্গণ ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধা নিবেদনকারীরা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রথম প্রহরে অভিভাবকদের সঙ্গে শিশুদেরও শহীদ মিনারে আসতে দেখা যায়। অনেকেই ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস কে রাসেল বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষা বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হয়েছে। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ মাতৃভাষায় কথা বলতে পারছি।”
ইখা