মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক ডাকসু ভিপি ও ঢাকা–২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন সরকার গঠন করেছে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত এ সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। “আমরা চাই, একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠুক,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের স্বৈরশাসনের সময় একুশের চেতনা অবরুদ্ধ ছিল। এখন সেই একুশ মুক্ত। একুশের মূল চেতনা বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন—এই আদর্শ সামনে রেখেই আগামী দিনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, একুশের অনুপ্রেরণায় মাতৃভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে আরও সংহত করতে তাঁরা কাজ করে যাবেন।
ইখা