যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।
একুশের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলুর পক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ শ্রদ্ধা জানায়। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলু। অনুষ্ঠানে তিনি সস্ত্রীক উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মো. এরফান উদ্দিন ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংসদ সদস্য ও তার সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুলকে সংবর্ধনা দেন।
ইউএনও মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মুকুল। এ সময় সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তোরাপ আলী, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ইখা