শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) সফরে এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতকানিয়া পৌরসভার কানু পুকুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি ‘গ্রীন সিটি, ক্লিন সিটি’র উদ্বোধন করেন তিনি।
পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টা ঝাড়ু হাতে সড়ক পরিষ্কার, ড্রেনের ময়লা অপসারণ এবং ডাস্টবিন স্থাপনের কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য।
উদ্বোধনী বক্তব্যে শাহজাহান চৌধুরী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে এবং বাঙালি জাতি মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করেছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন শহর গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ অপরিহার্য। সাতকানিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চালিয়ে যাওয়া হবে এবং স্থানীয় জনগণকে এতে সম্পৃক্ত করা হবে।
পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য পৌরসভা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
ইখা