আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খানের নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। 'ফুটবল' প্রতীক নিয়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়া, রুদ্রবানা বাজার, পন্ডিতবানা নিশিতলা বাজার ও গড়ানিয়া এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভা করেন তিনি। এ সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করে ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
পথসভায় তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মো. আবুল বাসার খান বলেন, আমাদের এলাকার শিক্ষিত যুবকদের প্রধান সমস্যা বেকারত্ব। আমি নির্বাচিত হলে যুবকদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে তারা ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ফরিদপুর-১ আসনকে একটি স্মার্ট জনপদে রূপান্তর করা হবে।
নারীদের স্বাবলম্বী করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। অবহেলিত ও পিছিয়ে পড়া নারীদের জন্য ঘরে বসে আয়ের সুযোগ তৈরি করতে আমি এলাকায় কুটির শিল্পের ব্যাপক প্রসার ঘটাবো। হস্তশিল্প ও ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে আমার মূল লক্ষ্য।
উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আমি আপনাদের চোখে যোগ্য ও বিশ্বস্ত প্রার্থী হয়ে থাকি তবে আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আপনাদের সেবক হয়ে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থ রক্ষায় নিজেকে উৎসর্গ করব।
নির্বাচনী প্রচারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদের মাঝেও ফুটবল মার্কাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ইখা