কুড়িগ্রামে রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মো. দুদু জোদ্দারের পোস্টার। মার্কা ব্যবহার করেছেন কুলা। কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি।
জানা গেছে, কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে দুদু জোদ্দার নামে কোনো প্রার্থীর বৈধতা নেই। নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, দুদু জোদ্দারকে খুঁজছে তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং রিটার্নিং কর্মকর্তা সবার বৈধ ঘোষণা করেন।
পরে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেএম ফজলুল হক মন্ডল বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী সেফালী বেগমের মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। আদালতের আদেশে সেফালী বেগমের মনোনয়ন বাতিল হয়। এরপর সাতজন বৈধ প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করে নির্বাচন অফিস। প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন প্রার্থীরা। এ অবস্থায় হঠাৎ করে দুদু জোদ্দার নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটে।
তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে ‘কুলা প্রতীকে’ ভোট চেয়ে পোস্টারিং ও প্রচারণা শুরু করেন। তার এই কর্মকাণ্ডে ভোটারদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ঘোষিত কুড়িগ্রাম-৪ আসনের বৈধ প্রার্থীরা হলেন- ধানের শীষ প্রতীকে মো. আজিজুর রহমান, দাঁড়িপাল্লা প্রতীকে মো. মোস্তাফিজুর রহমান, লাঙল প্রতীকে জাতীয় পার্টির কেএম ফজলুল মন্ডল। এছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাফিজুর রহমান, কেচি প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) রাজু আহমেদ ও মই প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) শেখ মোহাম্মদ আব্দুল খালেক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করছেন মো. রুকুনুজ্জামান, যার প্রতীক বালতি।
অনুসন্ধানে জানা গেছে, দুদু জোদ্দার চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল নতুন আশ্রয়ণ কেন্দ্র এলাকার ধনীয়া জোদ্দারের ছেলে। এর আগেও তিনি উলিপুর পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা পরিচয়ে কুড়িগ্রাম-৩ আসনে ‘হেলিকপ্টার’ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী দাবি করে পোস্টারিং ও মাইকিং করেছিলেন। যা সে সময় আলোচনায় ছিল।
সহাকরী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, দুদু জোদ্দার বিভিন্ন নির্বাচনে এভাবে নিজেকে প্রার্থী দাবি করে পোস্টার সাঁটান। তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে দুদু জোদ্দার বলেন, আমি মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছি কাজেই আমি বৈধ প্রার্থী।
এফএস